Monday, March 19, 2012

দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরবেন যুবরাজ



ইনজুরির কবলে পড়ে ক্যারিয়ারের অনেকটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে যুবরাজ সিংকে। কিন্তু গত বছরের শেষদিকে ভারতের এই ড্যাশিং অলরাউন্ডারের ফুসফুসে টিউমার ধরা পড়ায় আবার তিনি ক্রিকেট অঙ্গনে ফিরতে পারবেন কি না, তা নিয়েই সংশয় দেখা দিয়েছিল। তবে সেই
আশঙ্কা দূর করেছে যুবরাজের চিকিত্সক দল। আজ ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাত্কারে তাঁরা জানিয়েছেন যে আর কয়েক মাসের মধ্যেই আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন গত বিশ্বকাপের সেরা এই ক্রিকেটার।
গত জানুয়ারি থেকে চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্রে আছেন যুবরাজ। ফুসফুসের এই টিউমার নিরাময়ের জন্য নেওয়া কেমোথেরাপি বেশ ভালো অবস্থাতেই গ্রহণ করতে পেরেছেন তিনি। এর মধ্যে তাঁর তিন দফার কেমোথেরাপি নেওয়াও সম্পন্ন হয়ে গেছে। যুবরাজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে নিতেশ রোহাগি বলেছেন, ‘যুবরাজকে এই ধরনের টিউমার নিরাময়ের জন্য আদর্শ চিকিত্সা দেওয়া হয়েছে। তিন পর্বের কেমোথেরাপিও তিনি খুব ভালোভাবেই গ্রহণ করতে পেরেছেন। আমরা খুব আত্মবিশ্বাসী যে তিনি দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এবং এটা আর ফিরে আসবে না।’ আগামী মাসের প্রথমার্ধেই যুবরাজ ভারতে ফিরতে পারবেন বলে আশাবাদী তাঁর চিকিত্সকেরা।
শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠার সঙ্গে সঙ্গে মানসিকভাবেও যুবরাজ অনেক চাঙা হয়ে উঠেছেন বলে জানিয়েছেন রোহাগি, ‘এই ধরনের কেমোথেরাপি নেওয়ার পর সাধারণত রোগীদের ওপর মানসিক বিষণ্নতা ভর করে। কিন্তু যুবরাজ এটা খুব ভালোভাবে সামলেছেন।’
গতকাল নিজের সুস্থতার কথা টুইটারে জানান দিয়েছেন যুবরাজ সিং। সামাজিক যোগাযোগের এই সাইটে তিনি লিখেছেন, ‘তৃতীয় দফার কেমোথেরাপি শেষ, হাসপাতাল থেকে মুক্তি পেয়েছি। সুস্থ হয়ে ওঠার যাত্রা শুরু হলো এবার। বাড়ি ফেরার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
তারিখ: ১৯-০৩-২০১২, Prothomalo.com

No comments:

Post a Comment